‘পাঁচটা ছবিও করেনি, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে’ : বাপ্পারাজ
- প্রকাশের সময় : ০৫:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 20
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আগে তেমন কিছু ছিল না। তবে বিগত কিছু সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই।”
তিনি আরও বলেন, “আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি, পাঁচটা সিনেমাও করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারাও দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।”
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। নির্বাচনকে ঘিরে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আমরা সবাই একটি পরিবারের মতো। ইউনাইটেড থাকতে চাই।”
তিনি জানান, নিজের প্যানেল ও প্রতিদ্বন্দ্বী প্যানেলের সদস্যদেরও বিভেদমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন। “কেউ কারো বিরুদ্ধে কথা বলব না, কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দ-উৎসবের মাধ্যমে নির্বাচন হবে—এইটাই চাই,” বলেন তিনি।
অতীতের বিভিন্ন ঘটনা টেনে এনে বিভাজন তৈরির পক্ষেও নন বলে জানান এই অভিনেতা। বাপ্পারাজ বলেন, “অতীতে কী হয়েছে, সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না। যা হয়ে গেছে, হয়ে গেছে। শিল্পীদের একটা সৌন্দর্য আছে, সেই পরিবেশ যেন নির্বাচনের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারি।”
শিল্পী সমিতির নির্বাচনে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন কম হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখনো শিল্পী সমিতির সেই ঘরে বসিনি। আগে দায়িত্বে বসি, তারপর ভেতরের সমস্যা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকেই এটা করব, ওটা করব—এভাবে বলতে চাই না। অনেকেই অতীতে কথা দিয়ে তেমন কিছু করেনি। আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই।”






















