জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়
- প্রকাশের সময় : ১২:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 120
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। প্রশাসক মো. আব্দুস সালাম জানান, ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য চারটি পথ এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। ঈদের জামাতের জন্য মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লির অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও লাইট, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
সব মিলিয়ে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।




















