‘ড্রেস কোড’ নিয়ে বেতারের সেই আদেশ বাতিল
- প্রকাশের সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 14
সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ সংক্রান্ত নির্দেশনা শেষ পর্যন্ত বাতিল করেছে বাংলাদেশ বেতার।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে রোববার (২৪ মে) নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এএসএম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক বিষয়ে পূর্বে জারি করা অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।
এর আগে গত ৪ মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের বিষয়টি উল্লেখ করে ওই আদেশে নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য পৃথক পোশাকবিধি নির্ধারণ করা হয়।
নির্দেশনা অনুযায়ী, নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়েছিল। একই সঙ্গে বড় আকারের টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না পরার নির্দেশনাও দেওয়া হয়। অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধানের কথা বলা হয়েছিল। তবে বিশেষ দিবস ও উৎসব-পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরিধান না করার নির্দেশও ছিল।
সম্প্রতি ওই অফিস আদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে এমন বিস্তারিত নির্দেশনাকে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে অভিহিত করেন। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে পৃথক নির্দেশনা দেওয়াকে অনেকে লিঙ্গবৈষম্যমূলক বলেও সমালোচনা করেন।
সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মূল গুরুত্ব হওয়া উচিত পেশাদারিত্ব, ভাষা ও সংবাদ পরিবেশনের দক্ষতায়; ব্যক্তিগত পোশাকের ধরন নির্ধারণে নয়। বিতর্কের মুখে অবশেষে বাংলাদেশ বেতার আগের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।



















