পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
- প্রকাশের সময় : ০৯:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 14
সিলেটে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিলেন। স্থানীয়ভাবে তারা ছিনতাইকারী হিসেবেও পরিচিত। পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আসাদুল আলম বাপ্পী তোপখানা এলাকার দিকে দৌড়ে যান। সেখানে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে পায়চারি করছিলেন র্যাবের কনস্টেবল ইমন আচার্য। তিনি আসাদুলকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হামলার পর পালিয়ে যাওয়ার সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুর গলায় ছুরি ধরে পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়।



















