জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- প্রকাশের সময় : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 118
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন। ঈদের দিন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।
প্রধান জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




















