মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের
- প্রকাশের সময় : ১২:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 117
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে দুই বছর বয়সী সন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারীর একটি মেলায় ঘুরতে যান তারিন আক্তার। রাতে বাসায় ফেরার পথে শিশুটিকে মাঝখানে রেখে মোটরসাইকেলে বসা ছিল পরিবারটি। পথিমধ্যে অসাবধানতাবশত শিশু ইয়াসা মোটরসাইকেল থেকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিন আক্তারও সড়কে পড়ে যান।
এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারিন আক্তার মারা যান। আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাভার্ডভ্যানটি শনাক্ত করা যায়নি, তা শনাক্তে চেষ্টা চলছে।





















