প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক
- প্রকাশের সময় : ১০:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 19
মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩০ বছর বয়সী যুবক লিয়ন। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে। ঘটনাটি নিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখার মোবাইল অ্যাপ HelloTalk-এ পরিচয় হয় লিয়নের। পরে তাদের যোগাযোগ গড়ায় WhatsApp-এ। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
তুবা জানান, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে লিয়ন সত্যিই বাংলাদেশে চলে আসবেন।
তিনি বলেন, “সে আমার কাছে ঠিকানা চেয়েছিল। আমি ভেবেছিলাম, হয়তো আসবে না। তাই ঠিকানা দিয়েছিলাম। কিন্তু সে সত্যিই চলে এসেছে।”
তথ্য অনুযায়ী, চলতি মাসের ৮ মে লিয়ন ঢাকায় আসেন। পরে ১৪ মে নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও স্বজনরা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে একনজর দেখতে আশপাশের মানুষজন ভিড় করেন।
তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, “কয়েক দিন ধরে ফোনে কথা হচ্ছিল। পরে সে সরাসরি বাড়িতে চলে আসে। এখন তাকে আপ্যায়ন করে বিদায় দেওয়া হচ্ছে। সে আবার ঢাকায় ফিরে যাবে, সেখান থেকে চীনে চলে যাবে।”
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই চীন থেকে আসা যুবককে দেখতে বাড়িতে ভিড় করেন।
ফিরে যাওয়ার আগে লিয়ন বলেন, “আমার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছি। তার বয়স কম হওয়ায় এখন ফিরে যাচ্ছি। আমি তার জন্য অপেক্ষা করব। দুই বছর পরে আবার বাংলাদেশে আসব। যদি সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমরা সংসার করব।”



















