খুলে গেলো সংযোগ হুক, ৪ বগি রেখেই চলে গেলো মধুমতি এক্সপ্রেস
- প্রকাশের সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 9
পাবনার ঈশ্বরদীতে চলন্ত অবস্থায় আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চালক বিষয়টি টের পেয়ে ইঞ্জিনটি ফিরিয়ে এনে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলস্টেশন অতিক্রম করার সময় পেছনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়। এতে চারটি কোচ মূল ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। তবে ইঞ্জিনটি সামনের দিকে এগিয়ে যায়।
যাত্রী শিক্ষার্থী ইয়ানা আফরোজ জানান, স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বগি থেমে যায়। পরে দেখা যায় ইঞ্জিন বগি রেখে চলে গেছে। কিছুক্ষণ পর ইঞ্জিন ফিরে এসে পুনরায় বগি সংযুক্ত করে যাত্রা শুরু করে। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার নজরুল ইসলাম বলেন, ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে গিয়েছিল। প্রায় আধাঘণ্টা পর সেটি ফিরে এসে আবার বগি নিয়ে ঈশ্বরদীর দিকে যাত্রা করে।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ২০ মিনিট পর ইঞ্জিনটি ফিরে এসে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় চারটি কোচ আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামান। পরে রেলকর্মীরা বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করলে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।




















