ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ : ট্রাম্প
- প্রকাশের সময় : ১২:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 13
যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাঠানো জবাবকে তিনি “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমার এটা পছন্দ হয়নি— এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
গত সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩০ দিনের আলোচনা শুরুর কথা উল্লেখ ছিল।
এর জবাবে রোববার পাকিস্তানের মাধ্যমে লিখিত প্রতিক্রিয়া পাঠায় ইরান। পরে পাকিস্তান সেই জবাব যুক্তরাষ্ট্রের কাছেও পৌঁছে দেয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে ইরান তাদের জবাবে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং নিজেদের সার্বভৌম অধিকারের বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় সৃষ্ট অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে ইউরেনিয়াম মজুতের বিষয়টি। বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতার প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। ট্রাম্প প্রশাসন চেয়েছিল, ইরান যেন এ মজুত ধ্বংস করে বা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।
তবে ইরান প্রস্তাব দিয়েছে, ইউরেনিয়ামের একটি অংশ কম বিশুদ্ধতায় দেশে রাখা হবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “ইরান কখনও শত্রুর কাছে মাথা নত করবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।”
সূত্র: রয়টার্স






















