ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়লো কুমির, দেখতে উৎসুক জনতার ভিড়
- প্রকাশের সময় : ০৬:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 10
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। কুমিরটি দেখতে নদীর ঘাটে ভিড় করছে উৎসুক জনতা। কুমিরটিকে সংরক্ষণের জন্য নদীর পাড়ে অবস্থান করছেন জেলা বন বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খবর পেয়ে কুমিরটি নিতে খুলনা বন বিভাগ থেকে একটি বিশেষ দল এরই মধ্যে রওনা দিয়েছে। বড়শিতে আটকা পড়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে চার হাত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলার আফজা কাজীর ঘাটে জেলেদের বড়শিতে কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান শত শত মানুষ।
জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার (২৭ এপ্রিল) সকালে পদ্মা নদীতে মাছ ধরার জন্য ফেলা বরশি তুলতে গেলে তারা দেখতে পান একটি বড়শিতে কুমির আটকে আছে। পরে তারা কুমিরটিকে পানি থেকে তুলে একটি বস্তায় ভরে পাড়ে নিয়ে আসেন।
ঘাটের পাশে একটি বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয় কুমিরটিকে। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা কুমিরটি দেখতে ভিড় করেন। এদিকে কুমিরটি সংরক্ষণের জন্য জেলা বন বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা সেখানে অবস্থান করছেন।
তবে স্থানীয়দের দাবি, নদীতে আরও কুমির রয়েছে। নদী পাড়ের মানুষ গোসলসহ বিভিন্ন কাজে প্রায়ই পানিতে নামেন, ফলে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নদীতে থাকা কুমিরগুলো উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
কুমিরটি নদী থেকে উদ্ধার করা জেলে রবিউল বলেন, প্রতিদিনের মতো সকালে মাছ ধরার জন্য পাতা বরশি তুলতে গিয়ে দেখি একটি বড়শিতে কুমির আটকে আছে। পরে আমরা কয়েকজন মিলে সেটি ধরে বস্তায় ভরে পাড়ে নিয়ে আসি। এরপর বাঁশে বেঁধে রেখে প্রশাসনকে খবর দিই।
তিনি আরও জানান, তারা সাধারণত হাজারি বরশি দিয়ে বোয়াল, চিতলসহ বড় মাছ ধরেন এবং রাতের বেলা বরশি ফেলে সকালে তুলে আনেন। আজ বরশি তুলতে গিয়ে কুমিরটি ধরা পড়ে।
ফরিদপুর জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহিদ হোসেন বলেন, কুমিরটি নিতে খুলনা বন বিভাগ থেকে একটি বিশেষ দল রওনা দিয়েছে। কুমিরটির যেন কোনো ক্ষতি না হয় সেজন্য বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বড়শিতে আটকে পড়ায় কুমিরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।





















