সৌদি পৌঁছেছেন ৩২,৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী
- প্রকাশের সময় : ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 127
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।



















