কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০
- প্রকাশের সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 14
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬), সোহেল রানা (৪৫), তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও মেরিনা (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল মুখোশধারী দুর্বৃত্ত রবিউল ইসলামকে তুলে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে গুলি ছুড়লে নারী-পুরুষসহ ১০ জন আহত হন। ঘটনার পেছনে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে তারা অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















