রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ওঝার কাছে গিয়ে সময়ক্ষেপণ
- প্রকাশের সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 69
রাজবাড়ীর পাংশা উপজেলায় সাপের কামড়ে মো. শামীম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের হেলাল মৃধার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে শামীম বাড়ির পাশে জমির আইল দিয়ে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে তিনি দ্রুত বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানান যে তাকে গোখরা সাপ কামড় দিয়েছে।
অভিযোগ রয়েছে, তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক ও অপচিকিৎসার কারণে দীর্ঘ সময় পার হয়ে যায় এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত প্রায় ৩টার দিকে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, হাসপাতালে আনতে বিলম্ব হওয়ায় শরীরে বিষ ছড়িয়ে পড়ে। সময়মতো অ্যান্টিভেনমসহ যথাযথ চিকিৎসা পেলে তাকে বাঁচানো সম্ভব হতে পারত।




















