পাংশায় নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- প্রকাশের সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 20
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয় অভিযুক্তরা। পরে তাকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করিয়ে নির্যাতন করা হয়। রাত ৭টার দিকে তাকে কুষ্টিয়া সদর এলাকায় একটি নির্জন স্থানে ফেলে রেখে চলে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানা-এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন—হাসিবুর রহমান অন্তর (৩২), রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) এবং বরকত মুন্সী (৩৪)। এর মধ্যে রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেফতার করা হয়েছে।
ওসি শেখ মইনুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।













