ঈদযাত্রা স্বস্তির হয়েছে : সড়কমন্ত্রী
- প্রকাশের সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 113
এবারের ঈদযাত্রা ‘স্মুথ’ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছেড়েছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় তারা বেশি নিরাপদ ও স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে। তবে দুই-তিনটি বড় দুর্ঘটনা জাতিকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
দুর্ঘটনার জন্য কাউকে নির্দিষ্টভাবে দায়ী না করে তিনি জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্টদের বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় বাসডুবির ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের রুট পারমিট বাতিল করা হতে পারে বলে জানান মন্ত্রী।
নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি সংস্থার তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, সরকারি হিসাবে সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জন নিহত হয়েছেন, যা গত বছরের তুলনায় কম।




















