চার দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
- প্রকাশের সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 115
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় রওনা হয়ে পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শহরে নিজ বাসভবনে যাবেন এবং রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।




















