১২০টির বেশি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষ, প্রতিবেদন ২ এপ্রিল
- প্রকাশের সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 142
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গঠিত যাচাই-বাছাই কমিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ১২০টির বেশি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষ হয়েছে।
বুধবার বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এসব অধ্যাদেশের বিষয়ে সংশ্লিষ্টরা ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছেন। আগামী ২ এপ্রিল এই পর্যালোচনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘ পর্যালোচনার পর অধিকাংশ অধ্যাদেশ নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। কোনগুলো বর্তমান প্রেক্ষাপটে বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা হবে, সে বিষয়ে মতৈক্য হয়েছে। চূড়ান্ত তালিকাটি এখনো প্রস্তুত করা হচ্ছে এবং প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং এর আলোকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সনদের নির্ধারিত ধারার ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান আইনমন্ত্রী।




















