কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা : রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত
- প্রকাশের সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 131
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃত দুই গেটম্যান হলেন মেহেদী হাসান ও হেলাল উদ্দিন।
চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানদের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং সেখানে নতুন গেটম্যান নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে—একটি বিভাগীয় ও অন্যটি আঞ্চলিক। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ জন নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।




















