গুম ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর
- প্রকাশের সময় : ১১:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 128
বিগত বছরগুলোর মতো এবারও বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ঈদ উপহার’ দিচ্ছেন। গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এ উপহার পাচ্ছেন।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের কাছে ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এবার প্রায় উনিশশ পরিবার এই সহায়তা পাচ্ছে। ২০১৬ সাল থেকে রমজান মাসে নির্যাতিত পরিবারের জন্য নিয়মিত এ ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের পাশাপাশি ২০২৫ সাল থেকে জুলাই গণআন্দোলনে শহীদ পরিবারের মধ্যেও এ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রথমে নির্যাতিত পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সময় স্বল্পতার কারণে তা পুরোপুরি সম্পন্ন হয়নি। ঈদ সামনে রেখে দ্রুততম সময়ে দল ও সহযোগী সংগঠনের মাধ্যমে জেলা পর্যায়ে উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।




















