সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার
- প্রকাশের সময় : ০১:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 151
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে সিম ও রিচার্জের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে একটি চক্র। তাদের কাছ থেকে রবি ও এয়ারটেল সিম নেওয়ার পর এখন বিপাকে পড়েছে বহু পরিবার।
অনেকে অজান্তেই বিভিন্ন মামলার আসামি হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা বলছেন, সমস্যার সমাধান পেতে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, মোহাম্মদপুর ও চিলারং ইউনিয়নের সাধারণ মানুষ—বিশেষ করে নারী ও গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা জাতীয় পরিচয়পত্র দিয়ে বিনামূল্যে একটি রবি বা এয়ারটেল সিম এবং সঙ্গে ১০৫ টাকা রিচার্জ থাকার প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে।
অভিযোগ রয়েছে, একটি সিম দেওয়ার কথা বললেও গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করে নেয় চক্রটি। ফলে যারা বিনামূল্যে সিম নিয়েছেন, তাদের অনেকের এনআইডি কার্ডে অজান্তেই ১০টি পর্যন্ত অতিরিক্ত রবি ও এয়ারটেল নম্বর নিবন্ধিত হয়ে গেছে। এসব অতিরিক্ত সিম দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন যাদের নামে, তারাই আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন।
আকচা এলাকার বাসিন্দা সেলিম রেজা বলেন, তার পরিবারের সদস্যদের বিনামূল্যে সিম ও রিচার্জের কথা বলে একটি সিম দেওয়া হয়েছিল। পরে তারা জানতে পারেন, একটি সিম নেওয়ার সুযোগে তাদের এনআইডি ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করা হয়েছে। বিষয়টি জানার পর তারা আতঙ্কে আছেন।
একই এলাকার নুর নাহার বেগম বলেন, তিনি একটি সিম কিনেছিলেন। কিন্তু এখন তার এনআইডিতে কয়েকটি সিম নিবন্ধন করা আছে। অনেকেই মামলার আসামি হয়েছেন শুনে তিনি ভীত হয়ে পড়েছেন।
আরেক ভুক্তভোগী সাদিকুল বলেন, তার স্ত্রী একটি সিম কেনার পর হঠাৎ একদিন পুলিশ বাড়িতে এসে জানায় তার স্ত্রীর নামে একটি মামলা হয়েছে। বিষয়টি জানার পর তাদের ঢাকায় যেতে হয়েছে এবং অনেক টাকা খরচ হয়েছে।
এদিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। এনআইডি ব্যবহার করে একাধিক সিম রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতারণার অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
রবি টেলিকম কোম্পানির কর্পোরেট কমিউনিকেশন অফিসার আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ এর আগেও পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং এ প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি জড়িত আছেন কি না তা খতিয়ে দেখা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ নিয়ে কাজ শুরু হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।




















