‘ডিজিএফআইয়ের তথ্যে’ ভারতে ফয়সাল গ্রেফতার, দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু
- প্রকাশের সময় : ১০:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 158
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর হোসেনসহ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। তাদের বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর তথ্যের ভিত্তিতে হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিএফআইয়ের মহাপরিচালক সম্প্রতি ভারত সফর করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটি কঠোর অবস্থান নেয়।
জানা গেছে, হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পরে তারা বিভিন্ন স্থানে অবস্থান করেন। সুযোগ বুঝে বাংলাদেশে ফিরতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন।
গত শনিবার (৭ মার্চ) মধ্যরাতে গ্রেফতারের পর রোববার তাদের পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ১৪ দিনের হেফাজতে নিয়েছে। ভারতে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।























