আকুর বিল পরিশোধ, ৩৪ বিলিয়নে নামলো রিজার্ভ
- প্রকাশের সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 141
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
রোববার (৮ মার্চ) ১৩৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মূলত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন দেশের সঙ্গে আমদানি লেনদেন বাবদ গৃহীত পণ্যের অর্থ পরিশোধে এই বিল দেওয়া হয়েছে। আকুর সদস্য দেশগুলোর মধ্যে লেনদেনের জন্য দুই মাস পরপর এ ধরনের বিল পরিশোধ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। সর্বশেষ ৫ মার্চ দিন শেষে গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, দেশের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য নিট রিজার্ভ প্রায় ২৬ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে। বর্তমানে এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকা প্রয়োজন বলে মনে করা হয়।
























