রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি : প্রতিমন্ত্রী
- প্রকাশের সময় : ০৯:২৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 50
দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যে সংশয়টি জনগণের মধ্যে তৈরি হয়েছে, সেটিকে অস্বাভাবিকভাবে দেখছে না সরকার। কারণ বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে মানুষের মধ্যে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, গত কয়েকদিনে কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে এবং ক্রেতারাও স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাপ তৈরি হয়েছে। সরকার সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে। দাম না বাড়ানোর চেষ্টা করা হবে, তবে একান্ত প্রয়োজন হলে বিষয়টি জনগণের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। পাশাপাশি এ ক্ষেত্রে দেশবাসীর সমর্থন কামনা করেন তিনি।



















