রাজধানীতে রাতে সড়কে ঝরলো ৪ প্রাণ
- প্রকাশের সময় : ০৮:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 46
রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাব এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে।
তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)। জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হারুনুর রহমান স্ত্রী ও বোনকে নিয়ে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই অফিস এলাকায় ইউটার্নের আইল্যান্ডের সঙ্গে সিএনজির ধাক্কা লাগে। এতে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক আলিম ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হারুনুর রহমানের স্ত্রী ও বোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত হারুনুর রহমান কিশোরগঞ্জের কটিয়াদী থানার দশ কাহানিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি মহাখালীতে পরিবার নিয়ে বসবাস করতেন।
এদিকে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯) নিহত হয়েছেন। রাত ১১টার দিকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সাজু আহমেদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার এসআই মাহমুদুল হাসান জানান, সাজু আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, সাজু আহমেদ গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী ছিলেন এবং দক্ষিণ শাজাহানপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।



















