বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
- প্রকাশের সময় : ০৭:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 295
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন চার বছরের এক কন্যাসন্তানের জননী। দাবি পূরণ না হলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘটনায় প্রেমিক ও তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সিজান খন্দকার ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। অনশনরত নারী জঙ্গলমুকন্দপুর গ্রামের সুমন শেখের স্ত্রী এবং একই উপজেলার পিংগলিয়া গ্রামের রজব আলী মিনার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর সাড়ে ছয় বছরের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার স্বামী সুমন শেখ নৌ-জাহাজে চাকরি করেন। প্রায় আট মাস আগে সিজান খন্দকারের সঙ্গে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতির কথা বলা হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী নারী জানান, বিয়ের আশ্বাসে সিজান তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করেন। শনিবার রাত ৮টার দিকে সিজান তার ঘরে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে ফেলেন। তখন সিজান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যান। পরে স্বামী ফোনে তাকে জানিয়ে দেন, তিনি আর তাকে গ্রহণ করবেন না। ওই রাতেই তিনি সিজানের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন সিজান বাড়ি ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই তিনি বাড়ির সামনে অবস্থান করছেন।
তিনি বলেন, “সিজান বাড়িতে ফিরে এসে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। প্রয়োজন হলে আত্মহত্যা করব।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল শেখ বলেন, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















