যেসব সুযোগ-সুবিধা পাবেন সংসদ সদস্যরা
- প্রকাশের সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 151
তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ২৯৬ জন সদস্য। রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বাংলাদেশের আইনানুযায়ী, একজন সংসদ সদস্য যেসব সুযোগ-সুবিধা পাবেন সেগুলো হচ্ছে, মাসিক বেতন ৫৫ হাজার টাকা; নির্বাচনী এলাকার ভাতা প্রতিমাসে ১২ হাজার ৫শ টাকা, সম্মানি ভাতা প্রতিমাসে পাঁচ হাজার টাকা; শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা; মাসিক পরিবহন ভাতা ৭০ হাজার টাকা; নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতিমাসে ১৫ হাজার টাকা; প্রতিমাসে লন্ড্রি ভাতা ১৫শ টাকা; মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ছয় হাজার টাকা; দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ এক লাখ ২০ হাজার টাকা; স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা; বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতিমাসে সাত হাজার আটশ টাকা; সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।
বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াত পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে নয়টি আসন।
অন্যদিকে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি, জামায়াত ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস, এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। বাকি সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।




















