নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
- প্রকাশের সময় : ১০:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 159
নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠক সূত্রে জানা গেছে, সেনাপ্রধান বলেন দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল তা সম্পন্ন করা হয়েছে। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে এবং নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরে যাবে।
তিনি আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। ভাষণে ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন এবং সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। পাশাপাশি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।




















