নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের
- প্রকাশের সময় : ১২:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 136
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের মিশন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছে এবং গণতন্ত্র, রাজনৈতিক জবাবদিহিতা ও আইনের শাসনের মতো নীতির ভিত্তিতেই তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, মিশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু এলাকা তুলনামূলক ঝুঁকিপূর্ণ হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাদের ধারণা। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে তিনি গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক করতে সব সম্প্রদায়ের অংশগ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে কাজ করছেন এবং প্রার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এসব আলোচনার ভিত্তিতে সামগ্রিক নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে।
ইভার্স ইজাবস জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং নির্বাচন শেষে প্রায় দুই মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি বলেন, বর্তমানে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ৬৪টি জেলায় নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। এর আগে জানুয়ারির মাঝামাঝি থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করছেন।
পূর্ণ সক্ষমতায় এই মিশনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের ২০০ জনের বেশি পর্যবেক্ষক কাজ করছেন বলে তিনি জানান।




















