শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার
- প্রকাশের সময় : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 146
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ হলো নির্বাচনী প্রচার। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার শেষ হয়। ২০ দিনের জন্য গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হয়েছিল।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর–৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে। আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচার শুরু করা যাবে না এবং ভোটের ৪৮ ঘণ্টা আগে তা শেষ করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র ২৭৫ জন। ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন, জামায়াতের ২২৯ জন, জাতীয় পার্টির ১৯৮ জন এবং জাতীয় নাগরিক পার্টির ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।




















