জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক
বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর
- প্রকাশের সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 158
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সাইবারসংক্রান্ত হওয়ায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরির পর তদন্ত ডিবির কাছে ন্যস্ত করা হয়। পরে মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং তার ব্যবহৃত মোবাইল, কম্পিউটার হার্ডডিস্কসহ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি জানান, আলামতের ফরেনসিক পরীক্ষা শেষে এ ঘটনায় তার সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত শনিবার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট ভাইরাল হয়। পরে সেটি সরিয়ে নেওয়া হয় এবং দলটির পক্ষ থেকে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে ভুয়া পোস্টটি প্রকাশ করা হয়েছিল।




















