ইঁদুরের শরীর থেকে পুরোপুরি নির্মূল হলো অগ্ন্যাশয়ের ক্যান্সার
- প্রকাশের সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 146
অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় তিন ওষুধের সমন্বয়ে তৈরি ‘ট্রিপল ড্রাগ থেরাপি’ প্রাণীদের ওপর পরীক্ষায় আশাব্যঞ্জক ফল দেখিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতিতে ইঁদুরের শরীর থেকে টিউমার পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে।
বিজ্ঞান সাময়িকী PNAS-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, এই থেরাপি ক্যান্সার কোষ বৃদ্ধির তিনটি পথ একসঙ্গে বন্ধ করে দেয়। এতে টিউমার সংকুচিত হয়ে শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায় এবং চিকিৎসা শেষ হওয়ার পর অন্তত প্রায় সাত মাস পর্যন্ত তা ফিরে আসেনি।
গবেষকরা জানান, পদ্ধতিতে ব্যবহৃত তিনটি ওষুধের মধ্যে একটি ‘অ্যাফাটিনিব’ (নির্দিষ্ট ক্যান্সারের চিকিৎসায় অনুমোদিত), একটি পরীক্ষামূলক ওষুধ এবং আরেকটি নতুন যৌগ রয়েছে, যা ‘STAT3’ প্রোটিনকে নিষ্ক্রিয় করে। তিন ধরনের মাউস মডেলে পরীক্ষায় এই মিশ্রণ কার্যকর প্রমাণিত হয়েছে এবং উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।
তবে গবেষকরা সতর্ক করে বলেন, ফলাফলটি এখনো প্রাণীর ওপর সীমাবদ্ধ; মানুষের ক্ষেত্রে প্রয়োগের আগে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। নতুন এই পদ্ধতি অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় ভবিষ্যৎ গবেষণার পথ খুলে দিতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন।
সূত্র : লাইভ সায়েন্স






















