ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন
- প্রকাশের সময় : ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 149
ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ছুটির দিনগুলোতেও ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটের দিন অতিরিক্ত ট্রেন চালানো হবে। সংস্থার কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত কিছু স্টেশনের গেট নিরাপত্তার কারণে বন্ধ রাখা হতে পারে, তবে অন্যান্য গেট খোলা থাকবে।
নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের আওতাধীন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ছাড়া) বাতিল করা হয়েছে।
এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি ও নির্বাচনসংক্রান্ত কাজে কিছু শিথিলতা থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।




















