মির্জা ফখরুলের জন্মদিন আজ
- প্রকাশের সময় : ০৯:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 210
বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের আরও একটি বছরে পা রেখে এ দিনটিতে তিনি একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।
জন্মদিন উপলক্ষে রোববার রাতে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান মির্জা ফখরুল। রাত ১২টা ১ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগম ও পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেই পরিবারের সঙ্গে এই সময়টুকু কাটান বিএনপির মহাসচিব।
সোমবার সকালে আলাপকালে তিনি জানান, টানা নির্বাচনী গণসংযোগের কারণে ধুলাবালি ও আবহাওয়ার পরিবর্তনে কিছুটা অসুস্থ বোধ করছেন। জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশের মানুষের মুক্তি ও একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই এখন তার মূল লক্ষ্য বলে জানান মির্জা ফখরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামনের দিনগুলোতে দেশে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা ও সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিএনপির জাতীয় সম্মেলনে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন।






















