দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেবো না : জামায়াত আমির
- প্রকাশের সময় : ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 166
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদরা যেভাবে দেশের জন্য বুক পেতে দিয়েছিলেন, প্রয়োজনে আমরাও সেভাবেই বুক পেতে দেবো। কিন্তু দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেওয়া হবে না।
শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কবর জিয়ারত শেষে জামায়াত আমির শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তিনি আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন, শহীদ সন্তানের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে আমরা কাজ করবো।
ডা. শফিকুর রহমান বলেন, কঠিন সংকটের সময়েও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যেমনই হোক, আপনাদের সঙ্গেই থাকবো।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, আমরা বিশেষ করে তরুণদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি—আল্লাহ তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা পেছন থেকে শক্তি, সাহস, সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে থাকবো। ইনশাআল্লাহ, তোমরা প্রস্তুত হও।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যুবকদের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটাতে হবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভোট দেবে। যুবকদের ভোট নিয়ে যেন কেউ কোনো ধরনের হেলাফেলা করতে না পারে, সে জন্য প্রয়োজনে আবারও জুলাইয়ের মতো লড়াই করতে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।






















