তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা
- প্রকাশের সময় : ১১:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 206
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভার তারিখ একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
শুক্রবার দুপুরে জনসভার স্থান বেলস্ পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বরিশালে আসছেন, যা বিএনপির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তার আগমনকে ঘিরে বরিশালে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
সরোয়ার আরও বলেন, বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভা নির্বাচন পরিচালনা ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্বঘোষিত ২৬ জানুয়ারির পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি বরিশালে আসবেন এবং তাকে বরণ করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ জনসংযোগ কার্যক্রম চলছে। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসনের পক্ষ থেকে বিএনপিকে নির্বাচন করতে বাধা দেওয়া হয়েছে। তবে এবার তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে চান এবং কোনো ধরনের অনিয়মে জড়াতে চান না।
জনসভার মাঠ পরিদর্শনকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘদিন পর চেয়ারম্যান হিসেবে তার এই সফর বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন দলীয় নেতারা।

























