শিক্ষার্থীদের সড়ক অবরোধে অচল ঢাকা, ভোগান্তি চরমে
- প্রকাশের সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 158
সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকার একাধিক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, মহাখালী ও ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং অনেক স্থানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তায় কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
টেকনিক্যাল মোড়ে দুপুর ১২টা ১০ মিনিট থেকে বাংলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে গাবতলী, টেকনিক্যাল মোড় ও মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পুলিশ তাদের মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানায়।
দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডিগামী সব ধরনের যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ফার্মগেট ও খামারবাড়ি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও বিচারিক অগ্রগতি না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
মহাখালী মোড়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সহায়তায় অবরোধ তুলে নেওয়া হলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।






















