রেস্তোরাঁ খাতের সংকট, সব রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির
- প্রকাশের সময় : ০১:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 178
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) রেস্তোরাঁ খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করা হতে পারে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্যাস সংকট ও অন্যান্য দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, করোনাকালীন সময় ও পরে রাজনৈতিক পরিবর্তনের পরও রেস্তোরাঁ খাতের সমস্যাগুলো বাড়ছে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মারাত্মক প্রভাব পড়ছে। রেস্তোরাঁ খাতে সংকটের মূল কারণ হিসেবে তারা তীব্র জ্বালানি সংকট, মালিকদের হয়রানি, মূল্যস্ফীতি, নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য এবং রাজনৈতিক অঙ্গীকারের অভাব উল্লেখ করেছে।
মালিকরা বলেন, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি। সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি হিসেবে সব রেস্তোরাঁ বন্ধ করা হতে পারে।
এর আগে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল, পরে বিইআরসির আশ্বাসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি।




















