২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ
- প্রকাশের সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 166
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা।
ইতোমধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সিলেট ও চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জানুয়ারি সিলেট পর্বের শেষ দিন। ওই দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের এবং দিনের শেষ ম্যাচে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ, ফাইনালসহ, অনুষ্ঠিত হবে ঢাকায়।
বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, ঢাকা পর্বে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৩০০ টাকা, শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট ১ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। আট পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস এবং ছয় নম্বরে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস।






















