তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের মশাল বাহক : আমীর খসরু
- প্রকাশের সময় : ০৪:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 179
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানই আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক। তিনি বলেন, শহীদ জিয়া যে গণতন্ত্রের মশাল হাতে নিয়েছিলেন, তা দীর্ঘদিন বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে এসেছে।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি আগামীদিনের গণতন্ত্রের নেতৃত্ব দেবেন। এজন্য দলের সবাইকে মানদণ্ড উঁচু রাখতে হবে এবং জাতিকে শৃঙ্খলিত করার দায়িত্ব নিতে হবে।
খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তিনি কখনো কোনো ধরনের আপস করেননি। ওয়ান-ইলেভেনসহ স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও তিনি আপসের পথে যাননি। যারা ওই সময় পালিয়ে গেছেন বা সহায়ক ভূমিকা পালন করেছেন, তাদের সঙ্গে খালেদা জিয়ার মৌলিক পার্থক্য এখানেই।
খালেদা জিয়ার জানাজায় মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরে আমীর খসরু বলেন, কোটি কোটি মানুষের ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানেই মানুষ জানাজায় অংশ নিয়েছে। তিনি দাবি করেন, বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা হয়েছে বলে তার জানা নেই। বাংলাদেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়ার যে জায়গা ছিল, তা আমাদের ধরে রাখতে হবে।
শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল লতিফ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























