এক্সপ্রেসওয়েসহ তিন জায়গায় ৭ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- প্রকাশের সময় : ১১:০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 153
মুন্সিগঞ্জে ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ও লৌহজং উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মোট সাতটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কাভার্ডভ্যানচালক ও এক বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে প্রথম দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে তিনটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অন্তত ১৬ জন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি দ্রুতগতির পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মো. রিপন মিয়া (৫৫) ও বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)।
পৃথক এসব দুর্ঘটনার কারণে কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। চালকদের অসতর্কতা, অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।






















