খালেদা জিয়ার মৃত্যু: চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক
- প্রকাশের সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 197
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, যা শেষ হবে শুক্রবার (২ জানুয়ারি)।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। অনেক কর্মকর্তা কালো ব্যাজ ধারণ করেছেন। তবে শোক পালন চললেও সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আগামী শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকেল ৫টার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে নেমে আসে মানুষের ঢল। দেশজুড়ে শোকের আবহে বিদায় জানানো হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে।





















