মা খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের আবেগঘন পোস্ট
- প্রকাশের সময় : ০৩:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 203
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।
তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বলেছেন, খালেদা জিয়া অনেকের কাছে দেশনেত্রী, আপোষহীন নেতা, গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা হিসেবে পরিচিত ছিলেন।
তারেক রহমান বলেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। তিনি আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।”
তিনি আরও জানান, খালেদা জিয়া পরিবারের সত্যিকারের অভিভাবক ছিলেন এবং তার অপরিসীম ভালোবাসা পরিবারের সদস্যদের জন্য শক্তি ও প্রেরণার উৎস ছিল। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবু তিনি যন্ত্রণা ও একাকিত্বের মধ্যে থেকেও পরিবার এবং দেশের জন্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের উদাহরণ হয়ে থাকবেন।
তারেক রহমান সকলকে তার মা’র জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”























