তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ
- প্রকাশের সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 204
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার সকালে তারা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সাময়িকভাবে অবস্থান পরিবর্তন করা হয়েছে। কর্মসূচি শেষে দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশের জনগণকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা জানান, তারেক রহমান কবর জিয়ারত শেষে চলে গেলে তারা আবারও পূর্বঘোষিত কর্মসূচি পালন করবেন।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারেক রহমানের আগমনকে ঘিরে তারা সেখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে।
উল্লেখ্য, গতকাল দুপুর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। হাদি হত্যার বিচার দাবিতে তারা রাতভর সেখানে অবস্থান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।




















