কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
- প্রকাশের সময় : ০১:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 196
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কুয়াশার প্রভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এছাড়া রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও একই কারণে কলকাতায় পাঠানো হয়।
একই আবহাওয়াজনিত কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াংজু থেকে আসা ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট কুয়াশার কারণে ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে আকাশপথসহ সড়ক ও নৌ যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।




















