যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 178
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার তাগিদ দেন।




















