পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা রিপোর্ট ছিল, কিন্তু আমলে নেওয়া হয়নি : সালাহউদ্দিন আহমদ
- প্রকাশের সময় : ০৪:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 197
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় আগে থেকেই গোয়েন্দা রিপোর্ট ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে সেই রিপোর্ট কেন যথাযথভাবে আমলে নেওয়া হয়নি, সে প্রশ্ন তোলেন তিনি।
রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য সারা বিশ্ব দেখেছে উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের জন্য লজ্জাজনক এবং শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করে বিষয়টি শেষ করা যাবে না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও এক থেকে দুই ঘণ্টা পর তাদের সাড়া পাওয়া গেছে বলে তিনি শুনেছেন। কেন এমন দেরি হলো—এই প্রশ্ন তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব যাঁরা নিয়েছেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, কিছু স্থাপনা ও ঠিকানায় মবোক্রেসিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, কিন্তু কেন মবোক্রেসি লালন করা হবে—এ প্রশ্ন তুলে তিনি সরকারের দুর্বলতার দিকেই ইঙ্গিত করেন এবং এসব ঘটনা কঠোর হাতে দমন করার দাবি জানান।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ আশা করছে তাঁর ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। দীর্ঘ ১৮ বছর বাধ্যতামূলক নির্বাসিত জীবন যাপনের পর তাঁর প্রত্যাবর্তনকে গণতন্ত্র সুদৃঢ় করার কাজে লাগাতে চায় বিএনপি—এটাই দলের প্রত্যাশা।























