বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন
- প্রকাশের সময় : ১২:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 175
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা থাকবে, যাতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিভুক্ত করা যায়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।
আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।




















