১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
- প্রকাশের সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 203
বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর সংলগ্ন এলাকা ছাড়াও বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা, উড্ডয়ন ও অবতরণ এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ, যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০-এর পরিপন্থি।
বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন অপরিহার্য হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















