শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

- প্রকাশের সময় : ১০:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 38
কুমিল্লা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন (বিথী)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদিজা ইয়াসমিনকে আটক করা হয়। তিনি কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। গত ৫ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বাবার সঙ্গে দেখা করতে খাদিজা ইয়াসমিন কুমিল্লায় এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র আরও জানায়, অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে তার সম্পৃক্ততা থাকতে পারে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।




















