এনসিপি নেতা হান্নান মাসউদ আহত
- প্রকাশের সময় : ১২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 204
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ দুর্ঘটনায় আহত হয়েছেন।
রোববার ১৪ ডিসেম্বর বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তার বাঁ পায়ের ওপর উঠে গেলে তিনি আঘাত পান। প্রাথমিকভাবে অসুস্থ হলেও সে সময় তিনি জনসংযোগ কার্যক্রম চালিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তিনি বিশ্রামে যান।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দ্রুতগতিতে চালানো একটি অটোরিকশা সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় হান্নান মাসউদের শরীরের সঙ্গে সামান্য লেগে যায়। এতে তার পায়ে আঘাত লাগে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হান্নান মাসউদের এক্স-রে করানো হয়েছে এবং এতে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু-একদিন বেড রেস্টে থাকবেন।
এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে এবং এতে কারও কোনো দোষ নেই। অটোরিকশাচালক অল্প বয়সী ছিল। তিনি আরও বলেন, এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয় এবং তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে আবার গণসংযোগে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।























